সরকারবিরোধী বা মন্ত্রীদের নিয়ে সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সরিয়ে নেওয়া এবং সাইবার হামলার অভিযোগ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এসব ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান হান্নান মাসুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
হান্নান মাসুদ বলেন, সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে একটি বক্তব্য দেওয়ার পর বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ‘ডেইলি ওয়াদা’ একটি প্রতিবেদন প্রকাশের পর সেটিও সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, চ্যানেল ওয়ানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর ওই চ্যানেলের ওপর সাইবার হামলার ঘটনা ঘটে। এর ফলে দীর্ঘ সময় প্রতিবেদনটি অনলাইনে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এসব ঘটনা উল্লেখ করে হান্নান মাসুদ বলেন, সরকার বা সরকারের মন্ত্রীদের নিয়ে সংবাদ প্রকাশের পর সাইবার হামলা কিংবা প্রতিবেদন সরিয়ে নেওয়ার অভিযোগ জনমনে নানা প্রশ্ন তৈরি করছে। এ অবস্থায় সরকার মত প্রকাশের স্বাধীনতার ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে চায় না এবং করছে না।
প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম স্বাধীন। কোন সংবাদ প্রকাশ বা প্রচার করবে, কোনটি সরিয়ে নেবে কিংবা কোন সংবাদ ছাপবে বা ছাপবে না—এটি সংশ্লিষ্ট গণমাধ্যমের নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না।
তিনি আরও বলেন, কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশের পর সেটি সঠিক নয় বা প্রকাশ করা উচিত হয়নি বলে মনে করলে নিজেরাই তা সরিয়ে নিতে পারে। এ ধরনের সিদ্ধান্তেও সরকার হস্তক্ষেপ করে না। সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে বলেই এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না।
প্রতিবেদকের নাম 



















