
ঢাকায় অনুষ্ঠিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় বাংলাদেশে গণমাধ্যম সংস্কার, নৈতিক সাংবাদিকতা এবং নিরাপদ নিউজরুম গঠনের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
বুধবার (২০ মে) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সহযোগী, কূটনীতিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কার শুধু নীতিগত উদ্যোগ নয়, বরং বাস্তব কর্মপরিবেশে পরিবর্তন আনার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রচার সাংবাদিকদের জন্য প্রথমবারের মতো একটি নৈতিক আচরণবিধি (Code of Ethics) প্রণয়ন, নিউজরুমে যৌন হয়রানি প্রতিরোধে প্রোটোকল তৈরি, এবং নির্বাচনকালীন রিপোর্টিং গাইডলাইন তৈরির মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, গণমাধ্যম সংস্কার একটি যৌথ দায়িত্ব—এতে সরকার, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সমন্বিত নীতি কাঠামো তৈরির জন্য পরামর্শ কমিটি গঠনের কথাও জানানো হয়।
ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি বলেন, একটি স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অপরিহার্য।
অন্যদিকে সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিনিধি বলেন, ইতিবাচক অগ্রগতি হলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে মালিকানা ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা মত দেন, সাংবাদিকতার মানোন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সবশেষে আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে নীতিনির্ধারণ থেকে শুরু করে নিউজরুম পর্যায় পর্যন্ত একটি বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।
প্রতিবেদকের নাম 
























