বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) থেকে শুরু করে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার ও বুধবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার আট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নদী তীরবর্তী অঞ্চলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে বৃষ্টিমুখর।
প্রতিবেদকের নাম 




















