
গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। এদিকে কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।
অন্যদিকে, কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষের মুখে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখনো ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন ও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবেদকের নাম 



















