রাজধানীর গুলশানে ‘কিং ফিশার রেস্টুরেন্ট ও বার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এসআরবির যৌথ দল। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারের তথ্য দেখাতে ব্যর্থ হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা রেস্টুরেন্টের রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের তথ্য যাচাই করেন। এ সময় সরবরাহ করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় বার কর্তৃপক্ষ। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।
জব্দ করা হয়েছে ৮২৬ লিটার মদ
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ। এ ছাড়া ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ারও জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া অনিয়ম ও অসংগতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 
























