মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজেদের নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।
দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ছয়টি এখনো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এ সতর্কতার অর্থ, কোনো কারণেই সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করা উচিত নয়।
পোস্টে বলা হয়, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং এসব দেশে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে লেভেল-৪ সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’
ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে।
উল্লেখ্য, ‘লেভেল-৪’ হলো যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 






















