জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কারাসাওয়া শিঞ্জু বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে এবং ভবিষ্যতে উন্নতির পাশাপাশি জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে একাডেমিটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে তাঁরা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানোর সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, জাপানে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে ভাষা ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। জাপানের নতুন সরকার কারিগরি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাঁদের একাডেমিতে জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও শিক্ষার্থীদের শেখানো হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করাই এর মূল লক্ষ্য।
এ ছাড়া জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুরজামান খানের সঞ্চালনায় বক্তব্য দেন একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেনসহ অন্য অতিথিরা।
প্রতিবেদকের নাম 

























