
সরকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, অতীত সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ সাধারণত জিডিপির দেড় শতাংশের বেশি ছিল না। তিনি মনে করেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, সরকার প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতি ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নের পাশাপাশি দক্ষতা ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণ এবং শিক্ষাক্রমে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
প্রতিবেদকের নাম 




















