সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে ইতিহাসের পাতায় স্থান দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য সংরক্ষণের কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নিতে হবে।
বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।”
তিনি আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সরকারি উদ্যোগেরও প্রশংসা করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ, যেখানে গঠনমূলক আলোচনা ও সংসদীয় শিষ্টাচার বজায় রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান।
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। তবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও পক্ষপাতিত্ব চলতে থাকলে দুর্নীতি নির্মূল করা কঠিন হবে।
প্রতিবেদকের নাম 





















