ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন—আইপিইউ-এর মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলে জাদুঘরে পৌঁছালে মহাসচিব ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান জাদুঘরের মহাপরিচালক। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্রসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন আইপিইউ মহাসচিব ও প্রতিনিধি দলের সদস্যরা।
জাদুঘর পরিদর্শনকালে তারা ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা লাভ করেন। একই সঙ্গে আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
জাদুঘরের কর্মকর্তারা আইপিইউ মহাসচিব ও প্রতিনিধি দলের সদস্যদের জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য, সংরক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত জানান।
পরিদর্শন শেষে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদও পরিদর্শন করেন। সেখানে তিনি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার পাশাপাশি বৈঠকে অংশ নেন।
প্রতিবেদকের নাম 




















