ভারতের মণিপুর রাজ্যে তিন নারীকে হত্যার ঘটনার প্রতিবাদে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে। হত্যাকাণ্ডের বিচার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ডাকা এ ধর্মঘটে রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
গত রোববার (১৮ অক্টোবর) ইম্ফল পূর্ব জেলার উয়ুমপক ও নংশুম এলাকার পাহাড়ের পাদদেশে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন নারী। এ ঘটনায় তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন নংশুমের লৈরেনপাকপাম ইনাওবি মেইতেই (৪০), অরিবাম নোনি মেইতেই (৩৫) এবং উয়ুমপক মামাং লৈকাইয়ের ক্ষিথ্রিময়ুম সুশীল সিং (৩০)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের শাস্তির দাবিতে ‘নেটিভ পিপল কমিটি মণিপুর’ (এনপিসি) এ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে সকাল থেকে কানসিপুর, খুরাই ও পাটসোইসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন সমর্থকেরা।
এর আগে নিহত দুই নারীর পরিবারের সদস্য ও শোকাহত গ্রামবাসী ন্যায়বিচারের দাবিতে তাঁদের মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনম খেমচাঁদ সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিরোধী দলের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে।
ধর্মঘটের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিলেও জরুরি পরিষেবা, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় কার্যক্রমকে এর আওতামুক্ত রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 

























