সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম সভায় কৃষি, সড়ক, শিক্ষা, বাণিজ্য, বিদ্যুৎ, নৌপরিবহন, স্বরাষ্ট্র এবং জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাব পর্যালোচনা করে সংশ্লিষ্ট দরদাতা ও সরবরাহকারীদের মাধ্যমে এসব পণ্য ও কাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মরক্কো থেকে ৭০ হাজার টন সার
কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাজার মেট্রিক টন দানাদার টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৮৯৪ মার্কিন ডলার। এ প্রস্তাবের চুক্তিমূল্য প্রায় ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।
এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬৬৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।
বান্দরবানে দুই সড়ক নির্মাণ
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বান্দরবানের আজিজনগর-নাজিরাম ত্রিপুরাপাড়া-লামা (গাজালিয়া) সড়কের দুটি প্যাকেজের কাজ অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে একটি প্যাকেজের প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯০ কোটি টাকা। কাজটি বাস্তবায়নের জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
অন্য প্যাকেজে বিদ্যমান মাটির সড়কের ওপর নতুন নমনীয় পাকা সড়ক নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়নের জন্য স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ৭৩৯ কোটি টাকা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
দুটি প্রস্তাবের মোট ক্রয়মূল্য প্রায় ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা।
ডাল ও পাম অলিন কেনা হবে
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ক্রয়মূল্য প্রায় ৭৭ কোটি ৯০ লাখ টাকা।
একই মন্ত্রণালয়ের আওতায় ২ কোটি লিটার বা ২০ হাজার মেট্রিক টন পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৩৬৭ কোটি ৭০ লাখ টাকা। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৮৫ পয়সা।
খুলনায় পাঁচ বিদ্যুৎ উপকেন্দ্র
বিদ্যুৎ বিভাগের আওতায় খুলনা বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের অধীনে পাঁচটি নতুন ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
এ কাজের চুক্তিমূল্য প্রায় ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার টাকা। কাজটি বাস্তবায়নের জন্য টিএসটিএল-এফওয়াইপি কনসোর্টিয়ামকে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ভোমরা স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ম্যানুয়াল শ্রমিকের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নির্মাণ হবে র্যাব সদর দপ্তর
ঢাকায় র্যাব সদর দপ্তর নির্মাণের ক্রয় প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১১ তলা ভবন, তিনটি বেজমেন্ট, গাড়ি পার্কিং, ম্যাগাজিন ভবন, সাব-স্টেশন, পাম্প, পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, কার ওয়াশ এবং বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।
এ কাজের জন্য এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এলএনজি আমদানির প্রস্তাব
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া থেকে এলএনজি আমদানির পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া আরামকোর সঙ্গে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি সংগ্রহের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
প্রতিবেদকের নাম 




















