দেশজুড়ে সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে কমিটির।
এ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন এই মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 



















