নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে শনিবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় নাজমুলের বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে ফারজানার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাজমুল ইসলামও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভাগটিতে অধ্যয়ন করেন।
নির্যাতনের অভিযোগ পরিবারের
ফারজানার ভাই আরিফুল ইসলাম অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।
আরিফুলের ভাষ্য, নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তাঁর অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে টাকার জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ করেন তিনি।
ফারজানার ভাই আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় বোনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন কথাবার্তায় অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি তিনি। পরে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























