ঢাকা, মঙ্গলবার (১৯ মে) — নারী ও কন্যাশিশুর প্রতি বাড়তে থাকা যৌন সহিংসতা, নির্যাতন ও নৃশংস আচরণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পরিবার ও গণপরিসরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহ-সভাপতি মোমেনা শাহনূর। প্রধান বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এছাড়া লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসর—সব জায়গাতেই নারী ও শিশুর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সহিংসতা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে মোমেনা শাহনূর বলেন, বহু ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন জোরদারের আহ্বান জানান।
ডা. ফওজিয়া মোসলেম অভিযোগ করেন, দেশে সংঘটিত সহিংসতার খুব অল্প অংশেরই বিচার হয়, বাকি ঘটনাগুলো বিচারহীন থেকে যায়। তিনি সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন।
লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা জানান, চলতি বছরের প্রথম তিন মাসে ৫৫৬ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। তিনি বলেন, দেশের ৫৭টি জেলা শাখায় একযোগে এ আন্দোলন চলছে।
সমাবেশে বক্তারা দ্রুত বিচার নিশ্চিত, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গণপরিসরে নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবেদকের নাম 
























