পঞ্চগড়ে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের বোদা উপজেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুশি রানী বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খুশি রানী বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ সময় খুশি রানী ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























