পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর ফলে চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে।
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলাকারীরা পুলিশ চৌকিতে আক্রমণ চালালে প্রাথমিক প্রতিরোধে ১৫ জন হামলাকারী নিহত হয়। তবে ওই সংঘর্ষে ৯ জন পুলিশ সদস্য প্রাণ হারান। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।
আইএসপিআরের দাবি, ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় অভিযান চলাকালে হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।
এদিকে খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা ব্যর্থ করে নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ভাষ্য, ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘অপারেশন শাবান’ ও অন্যান্য গোয়েন্দাভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টার অভিযানে আরও ৫ থেকে ৬ জন নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
প্রতিবেদকের নাম 




















