জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবীন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। ‘আমার রাজ্যে তুমি’ শিরোনামের নতুন নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি ক্যাপিটাল ড্রামা-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে তৌসিফ ও মালাইকার পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল।
নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হার মানে। সম্পর্কের জটিলতা এবং বিচ্ছেদের পর মানুষের মানসিক অবস্থাই গল্পটির মূল বিষয়।
তিনি বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’
অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, গল্পটি পরিচিত আবহের হলেও এতে রয়েছে ভিন্নতা। পাশাপাশি মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
নির্মাতারা জানিয়েছেন, ‘আমার রাজ্যে তুমি’ শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।
প্রতিবেদকের নাম 



















