‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে নতুন সিনেমার গল্পের চেয়ে এখন বেশি আলোচনা—শাকিবের বিপরীতে নায়িকা হচ্ছেন কে?
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূর-এর নাম নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি নাকচ করে দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি।
তিনি বলেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু হবে, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না।’
এদিকে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। স্ক্রিপ্ট সম্পূর্ণ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানানো হবে।
সিনেমাটির নাম নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি ঘুরে বেড়ালেও নির্মাতা জানিয়েছেন, এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি।
জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, ‘বরবাদ’ ছিল মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় প্রথম সিনেমা। ছবিটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য পাওয়ার পর আবারও এই সফল জুটি নতুন অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ফিরছেন। নির্মাতার দাবি, নতুন ছবিতে দর্শক শাকিব খানকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাবেন।
প্রতিবেদকের নাম 



















