সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তবে এ সংকট সমাধানে সরকার উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিটিএমএ সভাপতি।
শওকত আজিজ রাসেল বলেন, টেক্সটাইল খাতের সংকট মোকাবিলায় সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী। শিল্পকারখানাগুলো যাতে দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর অবস্থা এবং কী ধরনের সহায়তা প্রয়োজন—তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছেন এবং সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি মন্তব্য করেন, গত ১৭ বছরে যদি এ ধরনের সংকট মোকাবিলায় সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তাহলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।
প্রতিবেদকের নাম 
























