চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ত্রাণ সহায়তা বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রমে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী কাজ করছে। দুর্গত মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ড. মাহদী আমিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে এবং দুর্গত মানুষের পাশে থাকতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
প্রতিবেদকের নাম 




















