দেশের বস্ত্রশিল্পের দীর্ঘদিনের বিভিন্ন সংকট নিরসনে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, বস্ত্রখাতের বর্তমান সমস্যাগুলোর বেশিরভাগই বহু বছরের পুরোনো এবং অতীতের কোনো সরকার সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। সরকারের আন্তরিক উদ্যোগ থাকলেও এসব সমস্যা পুরোপুরি সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে এই সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন উদ্যোক্তারা।
শওকত আজিজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি বস্ত্রখাতের আর্থিক চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যকর পদক্ষেপে দেশের বস্ত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াবে।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে শিল্পখাতকে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহেই বৈঠকে বসবে এবং দ্রুত বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেবে।
বিটিএমএ সভাপতির মতে, বর্তমানে বন্ধ ও অর্ধ-বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করা গেলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এটি বাস্তবায়নে আন্তর্জাতিক বাজারে ডাম্পিংসহ প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিবেদকের নাম 




















