
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। পরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানান হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।
হুমায়ুন কবির বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এ সময় ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তির সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদকের নাম 




















