নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও সবার জন্য সহজলভ্য ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
দুই দিনের দাপ্তরিক সফরের অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন গভর্নর। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সফরের প্রথম দিনে গণি বেকারি থেকে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কেনেন গভর্নর। এর মূল্য তিনি বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করেন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
গভর্নর বলেন, গণি বেকারির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশে ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং এর প্রতি মানুষের আস্থার প্রতিফলন। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে ব্যবসায়ীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি একটি আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বাংলা কিউআরের ব্যবহার বাড়ার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজে ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদকের নাম 



















