পটুয়াখালীর বাউফলে বিএনপির ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া কালাইয়া ইউনিয়ন শিবিরের সভাপতি মো. ইমরান খানকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এবং বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর শহরে ফেরার পথে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দুই দিন পর, ২৯ জুন দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল মামুন বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ মোট ৪০ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় বিএনপির দুই কর্মীর নামও রয়েছে।
পুলিশ ৩০ জুন মামলার ৫ নম্বর আসামি মো. ইমরান খানকে গ্রেপ্তার করে।
এদিকে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালাতে দেখা যায়। হামলার সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে গেলে ফেলে রাখা মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 























