বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের দায়ে বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ১ ও ২ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি হারানো ছয় পুলিশ কর্মকর্তা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব কুমার সরকারকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ‘পলায়ন’-এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সুদীপ কুমার চক্রবর্তীকে ২০২৪ সালের ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ওই তারিখ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কাজী আশরাফুল আজীমকে ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি সরকারি আইনানুগ আদেশ প্রতিপালনে অবজ্ঞা, ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর দায়ে বরখাস্ত করা হয়েছে।
মোহাম্মদ ইকবাল হোসাইনকে ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ওই তারিখ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রাজন কুমার দাসকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর দায়ে ওই তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, মো. গোলাম রুহানীকে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এসব কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। গুরুদণ্ড আরোপের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে সংস্থাটিও বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে।
পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে কর্মকর্তাদের বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন।
প্রতিবেদকের নাম 




















