জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার জেরে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি দেখতে সেখানে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় (কেপিআই) ভিডিও ধারণের চেষ্টা করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এ সময় তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 




















