জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। বৈঠকে খলিলুর রহমানের দায়িত্ব পালনে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। বৈঠকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমানের মেয়াদ সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে শিশির খানাল বলেন, দায়িত্ব পালনের সময় নেপালের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকে ঘিরে বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগে নেপালে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
এদিকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন শিশির খানাল।
ওই বৈঠকে নেপাল ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ায় শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান খানাল।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেন তারা।
বৈঠকে বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা।
প্রতিবেদকের নাম 





















