ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (২০ জুলাই) সকালে পাউবোর ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টাতেও পানির উচ্চতা একই ছিল।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। সম্ভাব্য চাপ মোকাবিলায় এবং ব্যারাজের নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানি আরও বাড়লে চরাঞ্চল ও নিচু এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন।
প্রতিবেদকের নাম 






















