জামালপুর, ৫ জুলাই:
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজ এবং উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুকে জড়িয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে আপাতত দলীয় কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, তামিম আহমেদ সবুজ (পিচ্চি সবুজ) মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে সুলতানা আক্তার নিশু উপজেলার মোসলেমাবাদ এলাকার বাসিন্দা এবং উপজেলা মহিলা দলের নেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাদের ব্যক্তিগত কথোপকথন ও ঘনিষ্ঠ আচরণ দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এছাড়া ৪৭ সেকেন্ডের আরেকটি ভিডিওতে জামালপুর শহরের একটি ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে পাশাপাশি বসে থাকতে দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে।
তবে এই ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযুক্ত তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পৃথক এক ঘটনায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসদাচরণ, অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ওঠায় তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিএনপির একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন বলেন, “দলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কারও স্থান নেই। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদকের নাম 




















