ক্ষমতার অপব্যবহার, আদালতের আদেশ অমান্য করে জুয়া খেলার আয়োজন এবং প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও রুহুল আমিন বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্তের পর একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শফিকুল ইসলাম শিমুল ও রুহুল আমিন বিপ্লব ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ও বল প্রয়োগের মাধ্যমে আদালতের আদেশ অমান্য করে জুয়া খেলার আয়োজন করেছিলেন।
এ ছাড়া জুয়া খেলার প্রতিবাদ করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
দুদক অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















