মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
প্রশাসন জানিয়েছে, দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রম ও সংশ্লিষ্ট ৩১ জেলাসহ মোট ৩৮ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
চাঁদপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার অভয়াশ্রমে নজরদারি বাড়ানো হয়েছে। নদী ও সড়কপথে তৎপরতার পাশাপাশি মৎস্য বিভাগের সমন্বয়ে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন লক্ষ্মীপুর ও চাঁদপুরের লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা বাড়ানো, প্রকৃত জেলেদের সঠিক তালিকা করে দ্রুত সহায়তা বিতরণ এবং ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।
শরীয়তপুরের নাওডোবা থেকে মাঝেরচর পর্যন্ত পদ্মা ও মেঘনার ৮০ কিলোমিটার এলাকাতেও মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে লিফলেট বিতরণ, মাইকিং ও সচেতনতামূলক সভা করছে স্থানীয় প্রশাসন।
এ ছাড়া মোংলা ও কুয়াকাটার জেলেরা নিষেধাজ্ঞার ২২ দিন প্রকৃত জেলেদের ভিজিএফের চাল দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালে দেশের জলসীমায় প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে কার্যকর নজরদারির আহ্বান জানিয়েছেন উপকূলের জেলেরা।
প্রতিবেদকের নাম 


























