নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
প্রায় আধঘণ্টা মহাসড়কে অবস্থানের পর বাস মালিকদের হাফ ভাড়া চালুর জন্য আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যান তারা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থীকে নিয়ে মহাসড়কে অবস্থান করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় শিক্ষার্থীরা। পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে।
ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয়, হাফপাস হিসেবে ভাড়া ৪০ টাকা করতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেন। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবেদকের নাম 



















