ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিন নারী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মরদেহ এবং হাসপাতালে মারা যাওয়া দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 




















