ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।
নতুন দুই শিশুর মৃত্যু
হাসপাতাল সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাস বয়সী এক শিশু গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় তার মৃত্যু হয়।
অন্যদিকে জামালপুরের ইসলামপুর থেকে পাঁচ মাস বয়সী আরেক শিশুকে ভর্তি করা হয় বৃহস্পতিবার ভোরে। একই ধরনের জটিলতায় সকাল ১০টায় শিশুটির মৃত্যু হয়।
রোগীর সংখ্যা ও পরিস্থিতি
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। এ পর্যন্ত মোট ৯১১ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
চিকিৎসা কার্যক্রম ও পর্যবেক্ষণ
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ধীরে ধীরে হামের উপসর্গ নিয়ে রোগী আসতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।
বর্তমানে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















