মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের ২ হাজার ৫৭৭ জন সাজাপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালন করা হয়। চলতি বছর গত ৩০ আগস্ট দিনটি পালিত হয়েছে।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কমানো বা ক্ষমা করার এখতিয়ার দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।
সব বন্দি পাচ্ছেন না এই সুবিধা
তবে এই বিশেষ ক্ষমা সব ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে।
রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ড, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা সাধারণ ক্ষমার আওতায় থাকছেন না।
ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত শর্ত পূরণকারী মোট ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বা আংশিকভাবে মওকুফ করা হবে।
ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ইরানে এ ধরনের বিশেষ ক্ষমা বা সাজা কমানোর উদ্যোগ নেওয়ার নজির রয়েছে।
সূত্র: তাসনিম নিউজ
প্রতিবেদকের নাম 



















