জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মা ফিরোজা আহমেদের জন্মদিন আজ। মায়ের বিশেষ দিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। মায়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাকে উদ্দেশ করে অপূর্ব লিখেছেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের স্নেহ ও ভালোবাসা তাকে ছায়ার মতো আগলে রেখেছে। নিজের না বলা কথাও মা সহজেই বুঝে ফেলেন এবং সামান্য কষ্টেও তার মন ভেঙে যায়।
অভিনেতা লিখেছেন, তার জীবনে যতদূর আসা এবং যা কিছু অর্জন—সবকিছুর পেছনে মায়ের দোয়া ও আশীর্বাদ সবচেয়ে বড় শক্তি।
মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অপূর্ব আরও লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়।’ সৃষ্টিকর্তার কাছে মায়ের মুখের হাসি যেন সবসময় অটুট থাকে—এমন প্রার্থনাও করেন তিনি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব লেখেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’
অপূর্বর এই আবেগঘন পোস্টে ভক্ত-অনুসারীরাও তার মাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, অপূর্বর বাবা ওমর ফারুক ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা ফিরোজা আহমেদ শিক্ষকতা করেছেন। সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি পরিবারের কাছ থেকেই ছোটবেলায় শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হয় তার। পরবর্তী সময়ে অভিনয় জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন অপূর্ব।
প্রতিবেদকের নাম 




















