মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আর এই স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গৌরনদী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছেন। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের এই সংস্কৃতি স্থানীয় মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেই সম্প্রীতির চর্চাই নতুন করে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নিতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা থাকাও এর জন্য জরুরি।
জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক সম্প্রীতি শুধু মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। এই খাত থেকে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে। ফলে বাণিজ্য, রেমিট্যান্স ও বিনিয়োগ—সব দিক বিবেচনায় দেশটি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বলেন, এসব কারণেই বাস্তবিক অর্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ বন্ধু এবং মিত্র।
প্রায় এক ঘণ্টার আন্তঃধর্মীয় সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ এবং সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
সংলাপে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।
সংলাপ শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















