ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় মোশাররফ করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চরকির কার্নিভ্যালে দুজনের দেখা হলে জাহিদ হাসানের আন্তরিক প্রশংসায় কিছু সময়ের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন মোশাররফ করিম।
গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাকে নিয়ে উপস্থিত হন মোশাররফ করিম। তাকে দেখেই হাসিমুখে জাহিদ হাসান বলেন, ‘মোশাররফ, তোকে আমি যে কী করব।’ কথাটি শুনে কিছুটা অবাক হয়ে মোশাররফ করিম তার খোঁজখবর নিলে জাহিদ হাসান বলেন, ‘তোর অভিনয় অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ। পুরো সিনেমাটা আমাকে খুব ইমোশনাল করেছে। তোর অভিনয় দেখে আমি কেঁদে ফেলেছি। আরও ভালো অভিনয় কর, তোর জন্য সব সময় দোয়া ও ভালোবাসা।’
প্রিয় অভিনেতার মুখে এমন প্রশংসা শুনে কিছুক্ষণ নীরব থাকেন মোশাররফ করিম। পরে তিনি বলেন, ‘আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত। আপনার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’ পাশাপাশি তিনি জাহিদ হাসানের শারীরিক খোঁজখবরও নেন।
আলাপচারিতার এক পর্যায়ে জাহিদ হাসান জানান, সিনেমাটি দেখার পর তিনি মোশাররফ করিমকে এসএমএস করেও অভিনয়ের প্রশংসা করেছিলেন। তবে মোশাররফ যে নম্বরটি ব্যবহার করতেন, সেটি আর সক্রিয় না থাকায় সেই বার্তা তার কাছে পৌঁছায়নি। পরে দুজন নতুন করে একে অপরের ফোন নম্বর বিনিময় করেন।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমার যেটা ভালো লেগেছে, সেটাই আমি তাকে বলেছি।’ তিনি আরও বলেন, আমাদের দেশে সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করার সংস্কৃতি খুব একটা দেখা যায় না। অথচ ‘বনলতা এক্সপ্রেস’-এ মোশাররফ করিমের পাশাপাশি শরীফুল রাজের অভিনয়ও তার দারুণ লেগেছে।
জাহিদ হাসানের ভাষায়, সিনেমাটি তাকে বারবার আবেগাপ্লুত করেছে। তাই সামনে দেখা হতেই নিজের অনুভূতির কথা অকপটে জানিয়ে দিয়েছেন তিনি।
প্রতিবেদকের নাম 




















