দেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ভারি ও অতি ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকায় জলাবদ্ধতা এবং নদী-উপকূলবর্তী অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিবেদকের নাম 




















