পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে ‘মলম পার্টি’। প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুই গরু ব্যবসায়ী সর্বমোট ২ লাখ ৪১ হাজার টাকা হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার মারিশ্যা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারপাড়া এলাকার গরু বিক্রেতা ছলিমুল্লাহ একটি গরু বিক্রি করে ৬১ হাজার টাকা পান। পরে কৌশলে প্রতারক চক্র তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেয়। ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একইভাবে আরেক গরু ব্যবসায়ী বিকাশ চাকমার কাছ থেকেও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় প্রতারকরা বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, ঈদকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে গরু বিক্রেতাদের টার্গেট করছে।
গরু ব্যবসায়ী শাহ আলম জানান, দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। একজনের খোঁজ পাওয়া গেলেও অপর ব্যবসায়ীর অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে হাট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 
























