কুমিল্লায় চুরির ঘটনায় ব্যর্থ হয়ে বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১১ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্ব পাশে) একটি ভবনের নিচতলায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রিলের ফাঁকে মাথা থেকে কোমর পর্যন্ত বাইরে এবং নিচের অংশ ভেতরে আটকে আছেন ওই যুবক। এ সময় তাকে বের হওয়ার জন্য চেষ্টা করতে এবং চিৎকার করে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না… আমার একটা বাচ্চা আছে।”
স্থানীয়রা জানান, ওই ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে পালানোর সময় গ্রিলের ফাঁকে আটকে পড়েন জিহাদ। প্রায় আধাঘণ্টা চেষ্টা শেষে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রিল থেকে বের করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ২০ দিনের সাজা দেওয়া হয়। আদালতের আদেশে পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























