২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি এবং অব্যবহৃত ছিল ৬টি ব্যালট।
ফলাফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সংসদ সদস্যরা তাকে জড়িয়ে ধরেন। এ সময় সংসদ ভবনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
যদিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছে, সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সদস্য থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এরপরই দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল।
রাজনীতি থেকে বিদায়ের আগে বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা দেন মির্জা ফখরুল। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।
এর আগে বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনের ফলাফলের গেজেট বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
প্রতিবেদকের নাম 



















