প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া বা বঞ্চিত করা শুধু ব্যক্তির প্রতি নয়, দেশের মানুষের প্রতিও অন্যায় এবং মানবতার ওপর আঘাত। তাঁর দাবি, গত ১৭ বছরে এমন বৈষম্যের কারণে অসংখ্য মেধাবী কর্মকর্তা ও চিকিৎসক ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী শুধু ছাত্রজীবনে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত থাকার কারণে চাকরি কিংবা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। অনেকে দীর্ঘদিন দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত থেকেও প্রাপ্য সুযোগ পাননি।
তিনি বলেন, একজন চিকিৎসক যদি দক্ষ, নিবেদিতপ্রাণ এবং যোগ্য হন, তাহলে রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে মূল্যায়ন থেকে বঞ্চিত করা উচিত নয়। এমন সিদ্ধান্তের ফলে দেশে ‘ব্রেইন গেইন’-এর পরিবর্তে মেধার অপচয় হয়েছে এবং দেশের ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, অনেক চিকিৎসকের প্রয়োজনীয় গবেষণা, প্রকাশনা ও একাডেমিক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি দেওয়া হয়নি। ফলে তারা দীর্ঘ সময় মেডিকেল অফিসার হিসেবেই কর্মরত ছিলেন। তাঁর ভাষায়, গত বছরের রাজনৈতিক পরিবর্তন না এলে তাদের অনেকেই সহকারী অধ্যাপক বা অধ্যাপক হওয়ার সুযোগ পেতেন না।
রিজভীর মতে, নেতৃত্বের মধ্যে যদি পুরো বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা না থাকে, তবে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজনের কারণে বহু মেধাবী ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন, আবার অনেকে আজীবন অবমূল্যায়নের শিকার হয়েছেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসা ব্যয় কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।
প্রতিবেদকের নাম 

























