রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। এ সময় আট জেলেকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ জাল পুড়িয়ে ধ্বংস, মাছ বিতরণ
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক জেলেরা হলেন পাবনার আমিনপুরের মো. হোসেন মোল্ল্যা (২০), হাবু মন্ডল (১৯), আবু কালাম মন্ডল (৩০), আরিফুল ইসলাম (৩১), আফজাল মন্ডল (২৬), বারেক সরদার (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দের বাচ্চু মোল্ল্যা (৫০) ও রশিদ সরদার (৫০)।
অভিযানে ছিলেন মৎস্য ও নৌপুলিশের কর্মকর্তারা
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এবং দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
২২ অভিযানে ১৮ জন গ্রেপ্তার
দৌলতদিয়া নৌপুলিশের ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রোববার পর্যন্ত পরিচালিত ২২টি অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫ লাখ মিটার জাল, ৯০টি চায়না দুয়ারি জাল, দুটি নৌকা এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 























