নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার দুই আইনজীবীকে জেলগেটে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই ঘটনায় গ্রেপ্তার আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন আইনজীবীদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আদালত প্রাঙ্গণে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গত বুধবার (১৪ অক্টোবর) ভোরে তাঁর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ১৩ অক্টোবর গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন আইভী। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে ফেরার সময় গাড়িতে ওঠার আগে আইভী ও তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’
অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর দাবি, ঘটনার ভিডিও ফুটেজে গ্রেপ্তার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। ফুটেজে আইভীর পাশে মামলার কাগজপত্রের ফাইল নিয়ে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে হাঁটতে দেখা গেছে।
আওলাদ হোসেন আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের বিরোধিতা করে আদালতে আবেদন করেছিলেন তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাঁদের নাম নেই।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহান উল ইসলাম বক্তব্য দেন।
প্রতিবেদকের নাম 

























