ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি মানুষ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো এ হামলার বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পরিবহন ব্যবস্থা, সামরিক লজিস্টিক ব্যবস্থা এবং সেনাবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী রুশ ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। তবে এসব হামলা ঠেকাতে ব্যবহৃত পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এই সংকট কাটাতে ইউক্রেন নিজেদের দেশে প্যাট্রিয়ট সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। হামলার পর জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত ব্যালিস্টিক ইন্টারসেপ্টর থাকলে এ হামলা ও প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারত।
এদিকে, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স প্রযুক্তি হস্তান্তরের অনুমতি দেয়নি।
পরে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোর সঙ্গেও আলোচনা করছে ইউক্রেন। তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া জরুরি, কারণ দেশটির নাগরিকদের নিরাপত্তা এর ওপর নির্ভর করছে।
সূত্র: এএফপি
প্রতিবেদকের নাম 




















