ইরানের সঙ্গে বাণিজ্য ও যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ শিব সীমান্ত ক্রসিং মঙ্গলবার সকাল থেকে আবার চালু করছে ইরাক। তবে শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে মানদালি সীমান্ত ক্রসিং।
ইরাকের সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান জানিয়েছেন, প্রয়োজনীয় কারিগরি কাজ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর শিব ক্রসিং খুলে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য প্রকাশ করেছে।
শিব ক্রসিং চালু এবং মানদালি ক্রসিং বন্ধের সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। একইভাবে এসব সিদ্ধান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুরোধের সম্পর্ক আছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানিয়েছিলেন, ইরানের সঙ্গে দুটি ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন এ অনুরোধ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুয়াদ হুসেইন বলেন, ইরানের সঙ্গে ইরাকের বহু বৈধ ও অবৈধ সীমান্তপথ রয়েছে। সবগুলো বন্ধ করা কঠিন এবং এতে ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
গত মাসে নিরাপত্তা পর্যালোচনা এবং চোরাচালান প্রতিরোধে শনাক্তকরণ সরঞ্জাম স্থাপনের জন্য ব্যস্ততম শিব সীমান্ত ক্রসিংটি বন্ধ করেছিল ইরাক। সীমান্তপথ খোলা রাখা নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের আলোচনার মধ্যেই ক্রসিংটি পুনরায় চালুর ঘোষণা এলো।
প্রতিবেদকের নাম 
























