
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে আবারও অস্থিরতার খবর সামনে এসেছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা–র বরাতে জানা গেছে, অনুশীলনের সময় দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফেদে ভালভার্দে এবং অরেলিন চুয়ামেনির মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, যা পরে হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়।
ঘটনার সূত্রপাত হয় একটি সাধারণ ফাউলকে কেন্দ্র করে। প্রথমে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলেও ধীরে ধীরে তা তীব্র বিতর্কে রূপ নেয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি ও শারীরিক সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন দলের অন্যান্য খেলোয়াড় ও স্টাফরা।
তবে রিপোর্টে বলা হয়েছে, ঘটনাটি শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ড্রেসিংরুমেও উত্তেজনা চলতে থাকে। এর আগেও দলের ভেতরের পরিবেশ নিয়ে বিভিন্ন বিতর্কের খবর সামনে এসেছিল, যা এখন নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে অনুশীলনে আন্তোনিও রুডিগার এবং আলভারো ক্যারেরাসের মধ্যেও একটি উত্তেজনাপূর্ণ ঘটনার কথা শোনা গিয়েছিল, যদিও পরে তা মিটে গেছে বলে দাবি করেন ক্যারেরাস।
এমন পরিস্থিতির মধ্যেই রিয়াল মাদ্রিদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ—এল ক্লাসিকো। বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচটি শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে, তাই দলের ভেতরের এই অস্থিরতা ক্লাবের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
ক্লাব কর্তৃপক্ষ এখন নজর দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে, যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ভেতরের বিভেদ আর না বাড়ে।
প্রতিবেদকের নাম 

























