কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। ওই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে এবার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ডা. কেয়া।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন।’ তাঁর এই মন্তব্যের পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।
পরদিন দেওয়া নতুন পোস্টে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ডা. কেয়া জানান, তাঁর মন্তব্যটি সব সাংবাদিককে উদ্দেশ করে করা হয়নি। শব্দচয়নে ভুলের কারণে বক্তব্যটি এমনভাবে প্রকাশিত হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘সকল সাংবাদিক ভাইদের বলছি, আমার পূর্বের পোস্টে ভুলবশত সকল সাংবাদিককে উদ্দেশ্য করে যে লেখাটা লিখেছি, সেটার জন্য দুঃখিত। শব্দচয়নে ভুলবশত এমন হয়েছে।’
তিনি আরও বলেন, তাঁর আগের পোস্টটি কেবল কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, যাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি মনে করেন। সব সাংবাদিককে একভাবে বিচার করার কোনো ইচ্ছা তাঁর ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকেরা। এর পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেন ডা. কেয়া।
প্রতিবেদকের নাম 



















